হলিউডের নতুন সায়েন্স ফিকশন ও সারভাইভাল থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ আন্তর্জাতিক মুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দর্শকদের সামনে এসেছে। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে। ডেভিড রবার্ট মিশেলের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা ও ক্রিশ্চিয়ান কনভেরি। আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারছেন দর্শকরা।
সিনেমার গল্পে রয়েছে এক অদ্ভুত বৈজ্ঞানিক ও মহাজাগতিক ঘটনার প্রভাব। আশির দশকের একটি শান্ত শহরতলীতে প্ল্যাট পরিবারের স্বাভাবিক জীবন আচমকাই বদলে যায়। তাদের বসবাসের এলাকা ওক স্ট্রিট যেন পৃথিবীর পরিচিত বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তার শেষ প্রান্ত গিয়ে মিশে যায় এক বিশাল খাদে, যার ওপারে অপেক্ষা করছে সম্পূর্ণ অচেনা এক জগৎ।
সেই জগতে রয়েছে ভয়ংকর প্রাগৈতিহাসিক পরিবেশ ও ডাইনোসর। হঠাৎ এমন বিপজ্জনক পরিস্থিতিতে আটকে পড়ে পরিবারটি। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে খাবার সংগ্রহ, সন্তানদের নিরাপদ রাখা এবং অজানা বিপদের মোকাবিলা, সবকিছুর মধ্যেই শুরু হয় তাদের বেঁচে থাকার লড়াই।
কীভাবে একটি পরিচিত শহরতলি হঠাৎ এমন এক অদ্ভুত জগতে আটকে গেল, আর সেখান থেকে পরিবারের সদস্যরা আদৌ নিজেদের পৃথিবীতে ফিরতে পারবে কি না? সিনেমার গল্প এগিয়েছে এসব প্রশ্নকে ঘিরেই।
‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর ভাবনার পেছনে পরিচালকের ব্যক্তিগত স্মৃতিও কাজ করেছে। ডেভিড রবার্ট মিশেল জানিয়েছেন, মিশিগানে বেড়ে ওঠার সময় নিজের আশপাশের রাস্তা ও গলিগুলো কখনো কখনো তার কাছে অন্য কোনো জগতের মতো মনে হতো। সেই শৈশবের অনুভূতিকে কেন্দ্র করেই সিনেমাটির ধারণা তৈরি হয়।
পরিচালকের মতে, পরিচিত ও নিরাপদ একটি পারিবারিক পরিবেশের মধ্যে হঠাৎ অস্বাভাবিক এবং ভয়ংকর কোনো ঘটনা প্রবেশ করলে মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে, সেটিই সিনেমায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
অ্যান হ্যাথাওয়ের অভিনয় নিয়েও উচ্ছ্বসিত পরিচালক। পারিবারিক আবেগের দৃশ্যের পাশাপাশি বিপদ ও আতঙ্কের মুহূর্তগুলোতেও অভিনেত্রী দক্ষতার সঙ্গে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন বলে মনে করেন তিনি।
আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাওয়ায় হলিউডের নতুন এই থ্রিলারটি নিয়ে স্থানীয় দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









