ঢাকাই সিনেমার অন্যতম সফল অভিনেত্রী সাদিকা পারভীন পপি। গত শতকের নব্বইয়ের দশকের শেষ দিকে সিনেমায় আসেন তিনি। এরপর শূন্য দশকে পার করেন তুমুল ব্যস্ত সময়। তবে সময় ও বাস্তবতার আবর্তে ক্যারিয়ারের জৌলুস হারিয়েছে। দীর্ঘদিন ধরেই অন্তরালে রয়েছেন পপি, দূরে আছেন অভিনয় থেকে।
সম্প্রতি এক মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন তিনি। অভিনয় ছেড়ে বাকি জীবন ধর্মচর্চায় কাটাতে চান বলে জানিয়েছেন পপি। ‘যত পাপ কামিয়েছেন’, সেগুলো ধুয়েমুছে পৃথিবী থেকে বিদায় নিতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
পপির মন্তব্যে অনেকেরই বুঝতে বাকি নেই, সিনেমায় অভিনয়কে ‘পাপ’ হিসেবে ইঙ্গিত করেছেন তিনি। আর তাই দুদিন ধরে বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এবার প্রসঙ্গটি নিয়ে পপিকে খোঁচা দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
প্রসঙ্গ ধরে তিনি টেনেছেন অভিনেত্রী মৌসুমীর কথাও। মৌসুমীও একসময় এক সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনয় ছেড়ে বাকি জীবন ধর্মে মনোযোগী হতে চান। এমনকি নিজের সব ছবি মুছে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। যদিও এরপরও তাকে অভিনয়ে দেখা গেছে।
সোমবার (৩১ আগস্ট) ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন—আপনারা তো ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে?’
অভিনেত্রীদের উদ্দেশে জয় বলেন, ‘ইবাদতের সময় ভক্তদের জন্যেও দোয়া কইরেন। আর বর্তমানে যারা জনপ্রিয়, তারাও কি ভবিষ্যতে এরকম বক্তব্য দেবেন? বিষয়টা এমন নয় কি, পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপর হজ করে আল্লাহর পথে চলে এলাম?’
জয়ের এমন মন্তব্যে একাত্মতা প্রকাশ করছেন নেটিজেনরাও। সেখানে মন্তব্য করেছেন আরেক অভিনেতা বাপ্পারাজ। তিনি বলেন, ‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে পপি। তবে গত বছরের অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’। যদিও সিনেমাটির কাজ হয়েছিল বেশ আগে। মুক্তির সময়ও প্রচারণায় দেখা যায়নি পপিকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









