লেস্টার সিটি ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। এর মধ্য দিয়ে লেস্টারের সঙ্গে তার ২১ বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে।
২৮ বছর বয়সী এই মিডফিল্ডার আবারও ফিরছেন ব্রামল লেনে। এর আগে ২০২৪-২৫ মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন তিনি। সেই সময় ব্লেডসদের হয়ে ১৬টি ম্যাচ খেলেন হামজা।
লেস্টার সিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘লেস্টার সিটিতে ২১ বছর কাটানোর পর হামজা চৌধুরী স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন। এর আগে চৌধুরী ব্লেডসদের হয়ে ধারে খেলেছিলেন, যেখানে তিনি ২০২৪-২৫ মৌসুমে ১৬টি ম্যাচ খেলেন। আমরা তোমার জন্য শুভকামনা জানাই, হামজা।’
ছোটবেলায় লেস্টারের একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। এরপর ক্লাবটির হয়ে ১৬৫টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সালে জিতেছেন এফএ কাপ এবং ২০২৪ সালে জিতেছেন চ্যাম্পিয়নশিপ শিরোপা।
হামজার এই স্থায়ী দলবদল বাংলাদেশের ফুটবলের জন্যও গুরুত্বপূর্ণ এক অধ্যায়। কারণ তার ক্যারিয়ার এখন বাংলাদেশের ফুটবলের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
ইংল্যান্ডের লাফবরায় জন্ম নেওয়া হামজার মা বাংলাদেশি। এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন তিনি। পরে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে বেছে নেন।
২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর থেকে বাংলাদেশের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন চারটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









