নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের ভূইয়া বাড়ি ব্রিজসংলগ্ন লেকে মেহেদী হাসান দিগন্ত (১৮) নামে এক শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে তার পাঁচ সহপাঠীর বিরুদ্ধে। হত্যার পর ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
গত ২৮ আগস্ট রাতে কোনো একসময় পূর্বাচল ৭ নম্বর সেক্টরের আলমপুর এলাকার ভূইয়া বাড়ি ব্রিজের নিচে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) রাতে রূপগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, গাজীপুর বোর্ড ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনার সময় ছয় সহপাঠীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই পূর্ববিরোধের জের ধরে মেহেদী হাসান দিগন্তকে পূর্বাচলের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দিগন্তকে প্রথমে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ব্রিজের নিচে লেকের পানিতে গাদার নিচে লুকিয়ে রাখা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলও পানিতে ফেলে দেওয়া হয়।
হত্যাকাণ্ডের পর ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে সাজিয়ে দিগন্তের স্বজনদের কাছে বিষয়টি প্রচার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে তুহিন ও আব্দুল্লাহ নামে দুই সহপাঠীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এবং ১২ ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন হয় বলে দাবি পুলিশের।
এ ঘটনায় নিহতের বড় ভাই শান্ত ইসলাম রাব্বি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মেহেদী হাসান দিগন্ত গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। দিগন্ত ও অভিযুক্ত পাঁচজন গাজীপুর বোর্ড ক্যান্টনমেন্ট স্কুলে একই শ্রেণিতে পড়াশোনা করতেন।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট কারণ ও অন্যদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









