সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ জীবনঘটনা যুক্ত করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এরপর এক সাক্ষাৎকারে নিজের বিয়ের বিষয়টি স্পষ্ট করেন এই অভিনেত্রী।
বিভিন্ন সময়ে শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ের গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত তা মিথ্যা প্রমাণিত হয়েছে। মিষ্টির স্বামী একজন ব্যবসায়ী। তবে তার নাম বা বিস্তারিত পরিচয় আপাতত প্রকাশ করতে চান না অভিনেত্রী।
বিয়ের সময়, স্থান ও স্বামীর নাম জানতে চাইলে মিষ্টি জানান, এসব তথ্য এখন বলা যাবে না। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।
স্বামীর পেশা সম্পর্কে মিষ্টি বলেন, তিনি একজন ব্যবসায়ী। পাশাপাশি গণমাধ্যমের সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি তিনি।
বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে—এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং কবে বিয়ে হয়েছে, সে তথ্যও এখনই প্রকাশ করতে চান না। তার ভাষ্য, সব তথ্য একসঙ্গে প্রকাশ করলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।
স্বামীকে ভবিষ্যতে সবার সামনে আনবেন কি না, এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, তাকে আড়ালে রাখবেন না। সময় হলে স্বামীকে সবার সামনে আনবেন। এ নিয়ে মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও বলেছেন তিনি।
মিষ্টি জানান, তাদের বিয়ে হুট করে হয়নি। অনেক আগেই বিয়ে করেছেন তারা। তবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি। তার মতে, বিয়ে ও প্রেম নিয়ে অনেকেই তাকে নিয়মিত বিরক্ত করছিলেন। ফোন করে দেখা করতে চাওয়া, বিদেশে গিয়ে দেখা করার কথা বলা কিংবা প্রেমের প্রস্তাব দেওয়ার মতো ঘটনায় তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন।
এ কারণেই বিয়ের বিষয়টি প্রকাশ করেছেন বলে জানান মিষ্টি। তিনি মনে করেন, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার প্রবণতা ঠিক নয়।
এদিকে মিষ্টি জান্নাতের সঙ্গে শাকিব খানের সম্পর্ক ও পর্দার রসায়ন নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এমনকি শাকিবের তৃতীয় স্ত্রী হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে মিষ্টি স্পষ্ট জানিয়েছেন, শাকিবের স্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নেই।
হানিমুন নিয়ে প্রশ্ন করা হলে কোনো তথ্য দিতে চাননি মিষ্টি। তিনি বলেন, এ বিষয়ে এখন কিছু বলা যাবে না।
নিজের বিবাহিত জীবন নিয়েও মিষ্টি জানান, বিয়ে হলেও এখনও পুরোপুরি বিবাহিত জীবন শুরু হয়নি। বর্তমানে নিজের মতো করেই আছেন। ভবিষ্যতে যেন সুন্দরভাবে সংসার করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি মিষ্টি জান্নাত পেশায় একজন দন্ত চিকিৎসক। নিজের ডেন্টাল ক্লিনিক পরিচালনার পাশাপাশি নিয়মিত রোগী দেখেন। ব্যবসায়িক কাজেও ব্যস্ত থাকেন তিনি। অভিনয়ে নিয়মিত না হলেও বেছে বেছে নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করছেন এই অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









