ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন হলিউড অভিনেত্রী সুসান সারান্ডন ও অভিনেত্রী হান্না আইনবাইন্ডার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাদের আটক করা হয়।
নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের আগে নিউইয়র্কের রাস্তায় বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তাদের হাতে ছিল ‘স্টপ আর্মিং ইসরায়েল’ ও ‘এন্ড দ্য জেনোসাইড’ লেখা ব্যানার। এ সময় পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। এএফপির ভিডিওতে সারান্ডনকে পুলিশের হাতে আটক অবস্থায় দেখা যায়। ‘নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, আইনবাইন্ডারকেও বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরুর সময় বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি সভাকক্ষ থেকে বেরিয়ে যান। ভাষণে নেতানিয়াহু তার সরকারের সমালোচনাকারী দেশগুলোরও সমালোচনা করেন। এর মধ্যে ছিল ব্রিটেন ও ফ্রান্স—যারা সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিয়েছে।
গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা অব্যাহত রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার প্রায় পুরো জনসংখ্যা এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ও অন্যান্য অবকাঠামো।

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের আগে শহরের মেয়র জোহরান মামদানি তাকে গ্রেপ্তারের আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সম্মান করা উচিত বলে মন্তব্য করেন। আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা-সংক্রান্ত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সারান্ডন দীর্ঘদিন ধরেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে আসছেন। চলতি মাসে ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি সাংবাদিকদের বলেন, তার রাজনৈতিক অবস্থানের কারণে সম্প্রতি কিছু চলচ্চিত্রের কাজও হারিয়েছেন। তবে একই সঙ্গে তিনি বলেন, গাজা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের বোঝাপড়ায় পরিবর্তন এসেছে বলে তিনি মনে করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









