কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কঠোরভাবে দমনের আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘যেমন কুকুর তেমন মুগুর লাগবে। ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে তাদের। ওদের বিষদাঁত ভেঙে দিয়ে সমূলে উৎখাত না করলে দেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে চাইবে।’
রবিবার (২২ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী মঙ্গলবার বিকেলে সিলেট রেজিস্ট্রি মাঠে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নিরীহ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা দেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায়। দীর্ঘদিন ক্ষমতায় থেকে দলটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে এবং লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ নিঃশেষ করেছে। দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে।
তিনি আরও বলেন, বিএনপি ১৭ থেকে ১৮ বছর বিরোধী দলে থেকে নির্যাতন, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। অন্যদিকে, আওয়ামী লীগের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস। এই অপশক্তিকে প্রতিহত করতে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসাংগঠনিক সম্পাদক ও ওয়াসা চেয়ারম্যান মিফতা সিদ্দিকী, সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেকিম চৌধুরী, সরকারি কৌঁসুলি (পিপি) আসিক উদ্দিন আশিক এবং জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী ও মাহবুবুর রব ফয়ছল প্রমুখ।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








