এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রোগ্রামের আওতায়, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দেশের উত্তরাঞ্চলের সর্বশেষ শহর তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজে আয়োজিত এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর জনাব মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর জনাব মো. আইয়ুব আলী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র হেড অব এসএমই ডিভিশন (মার্কেটিং ইউনিট), ঢাকা-এর জনাব নসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং পঞ্চগড় শাখার শাখা ব্যবস্থাপক জনাব মো. রাশেদ মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি’র রাজশাহী জোনের প্রধান জনাব মুহাম্মদ ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন, “দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।
তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং যমুনা ব্যাংক পিএলসি’র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এবং যমুনা ব্যাংক পিএলসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








