ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় বসেছে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের ইয়াশার পার্টি। তবে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হলেও জোটের নেতৃত্ব, নীতিগত অবস্থান এবং আরব দলগুলোর অংশগ্রহণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
রবিবার (২২ নভেম্বর) তেল আবিবের কাছে হার্জলিয়ায় একটি হোটেলে দুই দলের প্রতিনিধিরা নতুন দফার আলোচনা শুরু করেন। গত রবিবারও তাদের মধ্যে আলোচনা হয়েছিল।
সাবেক সেনাপ্রধান আইজেনকটের হাতে সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আইজেনকটের নেতৃত্বাধীন জোটে ৪৮ জন আইনপ্রণেতা রয়েছেন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তার জোটের সামনে তিনটি সম্ভাব্য পথ রয়েছে—অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট, আরব দলগুলোর সঙ্গে সমঝোতা অথবা নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন।
নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। এ ধরনের সরকার হলে দুই নেতার মধ্যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভাগাভাগি হতে পারে। ইসরায়েলে অতীতেও এমন ব্যবস্থা চালু হয়েছিল।
তবে এ সমঝোতা নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগসংক্রান্ত আইনি ঝুঁকি মোকাবিলার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন গঠনের বিরোধিতা অব্যাহত রাখার সুযোগও পেতে পারেন তিনি।
কিন্তু আইজেনকট নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। নির্বাচনী প্রচারণায় তিনি নেতানিয়াহুর বিরোধিতাকেই প্রধান অবস্থান হিসেবে তুলে ধরেছিলেন।
আইজেনকটের মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও শনিবার স্পষ্ট করে বলেছেন, কোনো পরিস্থিতিতেই তিনি নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে সরকার গঠন করবেন না।
জাতীয় ঐক্যের সরকার নিয়ে শর্ত
শনিবার ইয়াশার পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, যতটা সম্ভব বিস্তৃত সরকার গঠনের বিষয়ে তারা আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দলটির ভাষ্য অনুযায়ী, আইজেনকট তার প্রতিনিধিদের সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
তবে জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার বিষয়ে লিকুদ পার্টি শুরুতেই কয়েকটি শর্ত দিয়েছে।
দলটি চায়, নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ এবং বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করতে হবে। পাশাপাশি ইসরায়েলকে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়—এমন সব দলকে সরকারে অন্তর্ভুক্ত করতে হবে। তবে কোনো আরব দলকে এই জোটে রাখা যাবে না বলে শর্ত দিয়েছে লিকুদ।
ইসরায়েলের আইনসভায় আরব দলগুলোর আসনসংখ্যা এবার রেকর্ড ১৯টিতে পৌঁছেছে। এসব দল নেতানিয়াহুর ক্ষমতায় থাকার বিরোধিতা করে।
এ ছাড়া লিকুদ পার্টি কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে সমঝোতা চায়। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, সিরিয়া, লেবানন ও গাজা উপত্যকার ভূখণ্ডে ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অতি-রক্ষণশীল ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়ে সমঝোতা।
বিশেষ করে অতি-রক্ষণশীল ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগের বিষয়টি ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘদিনের সংবেদনশীল ইস্যু।
সংখ্যালঘু সরকার গঠনের বিকল্পও বিবেচনায়
শুক্রবার আইজেনকট সতর্ক করে বলেছেন, সরকার গঠন নিয়ে আলোচনা দীর্ঘায়িত হতে দেওয়া হবে না। প্রয়োজনে তিনি সংসদে জরুরি জাতীয় সরকার গঠনের প্রস্তাব উপস্থাপন করতে প্রস্তুত।
যদিও এ পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি, তার বক্তব্যে দুই ধাপের একটি কৌশলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথমে প্রধান বিরোধী দলগুলোকে নিয়ে দ্রুত একটি সংখ্যালঘু সরকার গঠন এবং পরে সেই সরকারে আরও দলকে যুক্ত করা।
এ ধরনের সরকার গঠনে আরব দলগুলোর ১৯ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়া যেতে পারে। তবে আইজেনকটের ডানপন্থী মিত্র আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সঙ্গে কাজ করতে রাজি নন। তিনি বরং অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে।
ফলে ইসরায়েলে নতুন সরকার গঠনের আলোচনা আবার শুরু হলেও জোটের অংশীদার নির্বাচন এবং নীতিগত অবস্থান নিয়ে অনিশ্চয়তা কাটেনি। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে আইজেনকট সংখ্যাগরিষ্ঠতার সমর্থন নিশ্চিত করতে পারেন কি না, তার ওপরই নির্ভর করছে দেশটির পরবর্তী সরকারের রাজনৈতিক কাঠামো।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








