কিছুদিন আগে একটি গহনার বিজ্ঞাপনে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এবার পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সামাজিকমাধ্যমে সরব হয়েছেন তিনি। তার একটি পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ভারতের বিহারের জামুইতে দশম শ্রেণির এক ছাত্রী ও তার এক সহপাঠীকে হেনস্তার অভিযোগে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই কৃতি শ্যাননের একটি পোস্ট আলোচনায় আসে।

সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে কৃতি লেখেন, ‘বন্ধুরা, এটা পুরুষ বনাম নারীর লড়াই নয়। এই লড়াই আসলে নারীদের সঙ্গে পিতৃতান্ত্রিক, নারীবিদ্বেষী পুরুষ এবং সেইসব মগজধোলাই হওয়া নারীর; যারা আজও মনে করেন পিতৃতন্ত্রই আসল সংস্কার বা ঐতিহ্য।’
কৃতির এমন বক্তব্যের পর নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তোলেন, হঠাৎ কেন পিতৃতন্ত্রের বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী। আলোচনায় উঠে আসে, নারী তারকাদের পোশাক, সাজসজ্জা বা শরীর নিয়ে সামাজিকমাধ্যমে যে ধরনের মন্তব্য করা হয়, নারী নির্যাতনের ঘটনায় সেই তুলনায় কতটা প্রতিবাদ দেখা যায়।

এর মধ্যেই আরেকটি পোস্টে লাইক দেন কৃতি, যেখানে বলা হয়েছে, কোনো উৎসবের বিজ্ঞাপনে অভিনেত্রীর শরীরের বিশেষ অংশ বা বক্ষবিভাজিকা দৃশ্যমান হলে যতটা ক্ষোভ তৈরি হয়, ধর্ষণ, পারিবারিক সহিংসতা কিংবা যৌতুকের কারণে মৃত্যুর ঘটনায় ততটা প্রতিক্রিয়া দেখা যায় না। এমন পোস্টে সমর্থন জানানোর পাশাপাশি সেটি নিজের সামাজিকমাধ্যমে ভাগ করে নেন কৃতি।
এর আগে একটি গহনার বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছিলেন কৃতি। বিজ্ঞাপনটিতে ঘিয়ে রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজের সঙ্গে পাতলা জ্যাকেট ও স্কার্টে দেখা যায় তাকে। পাশাপাশি বিজ্ঞাপনে একটি কুকুরকে রাখি পরাতেও দেখা যায় অভিনেত্রীকে।

বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিকমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকের অভিযোগ ছিল, বিজ্ঞাপনে কৃতির উপস্থাপন ভারতীয় উৎসবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিনেত্রীর পাশাপাশি মডেল হিসেবেও কাজ করেছেন কৃতি শ্যানন। বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি বলিউডে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









