গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আইন ও সংবিধানের আলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইজিপি বলেন, গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। ভবিষ্যতেও এই পরিস্থিতি বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। যারা এলাকায় অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, অশান্তি সৃষ্টিকারীদের সংখ্যা খুব বেশি নয়।
দুই থানা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, থানাগুলো জনগণের সেবার জন্যই তৈরি করা হয়েছে। জনগণ নিজেরাই যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে? তিনি বলেন, দেশে আইন মেনে চলার পাশাপাশি পুলিশকে সহযোগিতা করাও নাগরিকদের দায়িত্ব।
উদাহরণ দিয়ে আইজিপি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষের বিপরীতে পুলিশ সদস্য থাকেন মাত্র ২০ জন। স্থানীয় মানুষের মানসিক সমর্থন ও সহযোগিতা ছাড়া অল্পসংখ্যক পুলিশ সদস্যের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন। এমনকি জনগণ চাইলে পুলিশ ছাড়াই নিজেদের আইনশৃঙ্খলা নিজেরা বজায় রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, জনগণের প্রত্যাশার ভিত্তিতেই সরকার সিদ্ধান্ত নেবে। তবে সব পদক্ষেপ নেওয়া হবে আইন ও সংবিধান মেনে।
নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশে অতীতেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, সেগুলোর পরিণতি সবাই দেখেছেন। পুলিশ শান্তি চায় এবং শান্তির পক্ষেই রয়েছে।
এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখতে সেখানে পৌঁছান আইজিপি মো. আলী হোসেন ফকির। এ সময় তার সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








