দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর রাতে নগরের সার্কিট হাউসের সামনে থেকে প্রতিযোগিতা শুরু হয়।
সিলেট রানার্স ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নগরের বিভিন্ন সড়ক ঘুরে সালুটিকর পয়েন্ট হয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন।
‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত এ ম্যারাথনে তিনটি বিভাগ ছিল। ১০ দশমিক ৫ কিলোমিটারের মিনি, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন। রাত সাড়ে তিনটায় ফুল ম্যারাথন শুরু হয়। পরে ভোর ৫টা ১৫ মিনিটে একই স্থান থেকে হাফ ও মিনি ম্যারাথন শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘ম্যারাথন শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সুস্থ জীবনযাপনের চর্চা বাড়ায়। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগে সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে।’’
এর আগে বৃহস্পতিবার অংশগ্রহণকারীদের মধ্যে জার্সি ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এবারের জার্সিতে স্থান পেয়েছে সিলেটের ঐতিহ্যের দুই নিদর্শন ক্বিন ব্রিজ ও আলী আমজদের ঘড়ি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








