২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকার। আদালতের সিদ্ধান্তকে ‘অন্যায্য’ উল্লেখ করে জান্তা বলেছে, ১৫ বিচারকের সবাই এই রায়ের পক্ষে ছিলেন না।
মিয়ানমার নাওয়ের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিডোয় এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
সংবাদ সম্মেলনে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, আইসিজের রায় পর্যালোচনা ও যথাযথভাবে বোঝার জন্য সরকারের আরও সময় প্রয়োজন। তার দাবি, আদালতের ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে মত দিয়েছেন এবং বাকি ৬ জন ভিন্নমত পোষণ করেছেন। এ কারণে রায়টিকে সর্বসম্মত বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।
রায়ের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক বিচারব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান ও দৃষ্টিভঙ্গির প্রসঙ্গও তুলে ধরেন সোয়ে। পাশাপাশি এই মামলায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, গাম্বিয়ার সঙ্গে মিয়ানমারের কোনো সম্পর্ক ছিল না।
এর আগে বৃহস্পতিবার আইসিজে ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতার বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরে। আদালতের তথ্যে উঠে আসে, ওই অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার বেসামরিক রোহিঙ্গা নিহত হন। নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতনের ঘটনাও উঠে আসে আদালতের পর্যবেক্ষণে।
তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছিল।
আইসিজের রায়ে মিয়ানমারের এই যুক্তি গ্রহণ করা হয়নি। আদালত জানিয়েছে, অভিযানের সময় বেসামরিক রোহিঙ্গা এবং কথিত যোদ্ধাদের মধ্যে পার্থক্য করা হয়েছিল, এমন পর্যাপ্ত প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করা যায়নি।
আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, ২০১৭ সালের অভিযানে রোহিঙ্গা গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয় এবং সেখানে অ-রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজনকে পুনর্বাসন করা হয়। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করেছে আদালত। ওই সহিংসতার জেরে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
এদিকে আইসিজের রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে নতুন কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে দেশটির দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করা হয়েছে এবং মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ব্রিটিশ সরকার।
উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার আগে মিয়ানমারের সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন মিন অং হ্লাইং। বর্তমানে তিনি দেশটির প্রেসিডেন্ট। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের সময়ও বাহিনীর প্রধান ছিলেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








