সেলুলয়েডের রূপালী পর্দা থেকে ঝরে গেল আরো এক উজ্জ্বল নক্ষত্র; শেষ হলো হলিউডের ‘ধ্রুপদী যুগ’-এর এক মহাকাব্যিক অধ্যায়। ১০২ বছর বয়সে বিদায় নিলেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ইভা মেরি সেন্ট। ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ চলচ্চিত্রে অনন্য অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে অমরত্ব পাওয়া এই তারকা কেবল অস্কারই জয় করেননি, বরং মার্লন ব্র্যান্ডো ও কেরি গ্র্যান্টের মতো হলিউডের ইতিহাসের সব মহানায়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রুপালী পর্দা কাঁপিয়েছেন। তাঁর প্রয়াণে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেত্রী। তার প্রতিনিধি জেফ স্যান্ডারসন জানিয়েছেন, স্বজনদের সান্নিধ্যে বার্ধক্যজনিত স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে তার।
১৯৫৪ সালে প্রখ্যাত পরিচালক এলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছিল ইভা মেরি সেন্টের। প্রথম সিনেমাতেই মার্লন ব্র্যান্ডোর বিপরীতে তার অনবদ্য ও কোমল অভিনয় রাতারাতি তাকে এনে দেয় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর অস্কার পুরস্কার। সিনেমাটির এই সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
এরপর ১৯৫৯ সালে মাস্টার অব সাসপেন্স আলফ্রেড হিচককের কালজয়ী থ্রিলার ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এ কেরি গ্র্যান্টের বিপরীতে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি।
প্রথম সিনেমাতেই অস্কার জয় কিংবা হিচককের মতো নির্মাতার সঙ্গে কাজ— হলিউড যখন একবাক্যে তার পায়ের তলায়, ঠিক তখনই জীবনের ভিন্ন এক হিসাব কষেন এই অভিনেত্রী।
পরিচালক জেফ্রি হেইডেনের সঙ্গে সংসার ও সন্তান মানুষ করার জন্য শীর্ষ তারকা হওয়ার দৌড় থেকে কিছুটা আড়ালে সরে যান তিনি। অস্কার পাওয়ার ঠিক দুইদিন পরই তার প্রথম সন্তান জন্ম নিয়েছিল। পরবর্তীতে স্বামী হেইডেনের সঙ্গে দীর্ঘ ৬৫ বছরের সুখী দাম্পত্য জীবন কাটান তিনি, যা হলিউডের ইতিহাসে বিরল।
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও ছিল তার সমান পদচারণা। ১৯৯০ সালে ‘পিপল লাইক আস’ মিনিসিরিজের জন্য তিনি সম্মানজনক এমি অ্যাওয়ার্ড অর্জন করেন।
৮০ ও ৯০ বছর বয়সেও অভিনয়ের প্রতি তার ভালোবাসা কমেনি। ২০০৬ সালে জনপ্রিয় ব্লকবাস্টার সিনেমা ‘সুপারম্যান রিটার্নস’-এ সুপারম্যানের দত্তক নেওয়া মায়ের ভূমিকায় অভিনয় করে নতুন করে দর্শকদের নজর কাড়েন তিনি। এমনকি ২০১৯ সালে ৯৫ বছর বয়সেও ‘মারিয়েট ইন এক্সট্যাসি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
হলিউড ওয়াক অব ফেমে দুটি স্টার অর্জন করা এই প্রবীণ অভিনেত্রী নিজের দীর্ঘ জীবন প্রসঙ্গে একবার বলেছিলেন, ‘আপনি যত বেশি বাঁচবেন, জীবনকে তত সুন্দরভাবে বুঝতে পারবেন। আর এই অভিজ্ঞতাই আপনাকে একজন ভালো শিল্পীতে পরিণত করে।’
ইভা মেরি সেন্টের মৃত্যুতে হলিউডের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









