চাঁপাইনবাবগঞ্জে দিন দিন অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। সাধারণ মানুষের পাশাপাশি এবার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরাও। সর্বশেষ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ হাসপাতালের আরও একজন চিকিৎসক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত রোববার (৪ অক্টোবর) জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার ডেঙ্গুতে আক্রান্ত হন। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এর দুদিন পর মঙ্গলবার (৬ অক্টোবর) হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের সহকারী সার্জন মো. ফজর আলী লালও ডেঙ্গুতে আক্রান্ত হন। তাঁকেও বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের এমন আক্রান্তের ঘটনায় চিকিৎসকদের মধ্যেও ডেঙ্গু নিয়ে সতর্কতা ও উদ্বেগ বাড়িয়েছে।
এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে মোট ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ভর্তি হয়েছেন ৬৫ জন রোগী, যা জেলার সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতিতে বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









