ক্যানসারে আক্রান্ত সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ইবরার টিপু প্রায় দুই বছর ধরে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজের বাসায় রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গীতিকার কবির বকুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ইবরার টিপু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।
কবির বকুল তার পোস্টে লেখেন, ‘আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সাথে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেইন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন।’
ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে কবির বকুল জানান, হাসপাতাল থেকে অনেকটা জোর করেই ইবরার টিপুকে বাসায় নিয়ে আসা হয়েছে। পরিবারের ধারণা, হাসপাতালে তার যথাযথ চিকিৎসা হচ্ছিল না। স্ত্রী দিনাত জাহান মুন্নীর মাধ্যমে ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে বলেও জানান এই গীতিকার।
কবির বকুল লেখেন, ‘তার স্ত্রী বিন্দু কণা জানালেন হাসপাতাল থেকে অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন টিপুকে। কারণ সেখানে তার সঠিক চিকিৎসাটা হচ্ছিল না বলেই পরিবার মনে করেছেন। একটু আগে ভিডিও কলে আমার সহধর্মিণী দিনাত জাহান মুন্নী কথা বলিয়ে দিলেন টিপুর সাথে। তার সাথে শেষ দেখা হয়েছিল এ বছর রোজার ঈদে।’
ইবরার টিপুর সঙ্গে শেষ দেখা হওয়ার স্মৃতিচারণা করে কবির বকুল জানান, এ বছর রোজার ঈদে অসুস্থ শরীর নিয়েই নিউইয়র্কে তার বাসায় এসেছিলেন এই সংগীত পরিচালক। দীর্ঘদিন পর ভিডিও কলে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘অসুস্থ শরীর নিয়ে তিনি এসেছিলেন আমাদের নিউইয়র্কের বাসায়। আজ অনেক দিন পর ইবরার টিপুর সাথে কথা হলো। মানুষটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই অবস্থায়ও চোখে-মুখে সেই পরিচিত মায়া। দূরে আছি, কিছুই করতে পারছি না, ভেতরটা ভেঙে যাচ্ছে।’
ইবরার টিপুর সংগীতজীবনের অবদানের কথাও তুলে ধরেছেন কবির বকুল। তার সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে বেশ কিছু জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’। নিজের সংগীতজীবনে ইবরার টিপুর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল বলেও জানান তিনি।
সহকর্মী ও কাছের মানুষটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কবির বকুল লেখেন, ‘আমার সংগীত জীবনে তার সাথে অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার দেখা একজন মৃদুভাষী, সদাহাস্য সজ্জন মানুষ- হঠাৎ যেন তার পৃথিবী উল্টে গেল। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ ভরসা।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









