বলিউড অভিনেতা টাইগার শ্রফের বাড়ির কাছে গুলির ঘটনায় মুম্বাই পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন তার চালক ফিরদৌস।
আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় তিন অজ্ঞাতপরিচয় হামলাকারীর গুলিতে আহত হন দুজন। তাদের মধ্যে রয়েছেন অভিনেতার চালক ও এক অটোরিকশাচালক।
রবিবার (১৮ অক্টোবর) মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফুটবল খেলে বাড়ি ফেরার পথে গুলির ঘটনাটি ঘটে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, অভিনেতাকে একনজর দেখতে সেখানে ভিড় জমেছিল। এ সময় হামলাকারীরা গুলি চালায়।
আহত চালক ফিরদৌস নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তবে টাইগার শ্রফ গুলিতে আহত হননি বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় অভিনেতা ও আরও দুজন আহত হওয়ার খবর প্রকাশিত হলেও পুলিশ পরে জানায়, শ্রফ নিরাপদ আছেন।
ঘটনার পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টাইগার শ্রফের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন। সিএনএন নিউজ১৮-কে শিন্ডে জানান, এ বিষয়ে তিনি মুম্বাই পুলিশ কমিশনার ও অপরাধ দমন শাখার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, অভিনেতা আহত না হওয়াটা স্বস্তির বিষয়।
এদিকে হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









