রাজধানীর মগবাজার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় নিজেই বাদী হয়ে মামলা করেছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় এ মামলা দায়ের করেন এই কণ্ঠশিল্পী।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি জানান, মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এজাহার দায়ের করেছেন আসিফ আকবর।
ওসি আরও জানান, ঘটনার তদন্ত এখনো চলছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি নিয়ে কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়িতে ছিলেন না কণ্ঠশিল্পী। তিনি তখন বিশাল সেন্টারে অবস্থিত নিজের ব্যক্তিগত কার্যালয়ে (স্টুডিওতে) ছিলেন। গুলির সময় গাড়িটির ভেতরেও কেউ ছিলেন না। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুলিতে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে অজ্ঞাতনামা এক ব্যক্তি আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ওই ব্যক্তি অটোরিকশায় করেই মালিবাগের দিকে পালিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। পাশাপাশি গুলির ঘটনার পেছনের উদ্দেশ্য এবং এতে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









