জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের জামালপুরে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর একটি দল বৈষ্ণবপাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং এ-সংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









