দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। সম্প্রতি তার স্টুডিও ভাঙচুরের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার পর স্ত্রী ও সন্তানকে নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছে বলে জানিয়েছেন তিনি।
সালমান বলেন, একটি বড় বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। একই সঙ্গে বাংলাদেশে আর কোনো বিনিয়োগ না করার ঘোষণাও দিয়েছেন তিনি।
এ বিষয়ে আলাপকালে সালমান বলেন, ‘জীবনে ভালো সময় চাইলে খারাপ সময়কেও স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। শুধু অভিযোগ করে বসে থাকলে হবে না, কঠিন পরিস্থিতি পেরিয়ে যাওয়াই আসল কথা।’
এ সংকটময় সময়ে স্বামী-স্ত্রীর পারস্পরিক সহযোগিতা কতটা জরুরি, সে বিষয়টিও তুলে ধরেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিতর্ক প্রসঙ্গে সালমান বলেন, ‘ঘটনা ঘটার পর আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার বা কথা বলার কোনো সুযোগই দেওয়া হয়নি।’
তিনি জানান, যারা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তারা সরাসরি বসে কথা বললে বিষয়টির সমাধান করা সম্ভব হতো। প্রমাণ ছাড়া ঢালাওভাবে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সালমান বলেন, ‘এ পরিস্থিতি সামলানোর মানসিক শক্তি আমার আছে। কিন্তু অনেকের তা থাকে না। ভিত্তিহীন অভিযোগে অনেকের প্রাণ, সুনাম ও ক্যারিয়ার নষ্ট হয়ে যায়।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









