ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।
রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পশ্চিম মইলাকান্দা গ্রামের বণিক বাড়ির দুলাল চন্দ্র বণিক (৫৫) এবং একই গ্রামের মো. হাতিম মিয়া (৪২)।
অভিযান সূত্রে জানা যায়, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সিপিএসসি, এসআরবি-১৪-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মইলাকান্দার বণিক বাড়ির দুলাল চন্দ্র বণিকের বসতঘরে অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের দেখানো তথ্যের ভিত্তিতে ৬টি প্লাস্টিক বস্তায় রাখা মোট ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক কারবারে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা নিজ হেফাজতে মজুত রেখেছিলেন। উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গৌরীপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বিপুল পরিমাণ গাঁজাসহ আটককৃত দুই মাদক কারবারিকে রবিবারই থানায় হস্তান্তর করে আভিযানিক দল। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









