সঙ্গীত পরিচালক থেকে গায়ক হয়ে বলিউডের নায়ক— সর্বত্রই নিজের ছাপ রেখেছেন হিমেশ রেশমিয়া। এ বার সেই তালিকায় আরও একটি নতুন ভূমিকা যোগ হওয়ার সম্ভবনা। পরিচালকের আসনে বসতে পারেন তিনি। তেমনই ইঙ্গিত দিলেন শিল্পী।
একসময় একচেটিয়া বাজার দাপিয়েছে হিমেশের গান। তবে, বলিউডের দর্শক-শ্রোতার কাছে সঙ্গীত পরিচালক এবং সুরকার হিসেবেই বেশি পরিচিত তিনি।
সালমান খানের হাত ধরেই বলিউডে পা রাখেন এই গায়ক। গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয়েও নিজের ভাগ্য পরীক্ষা করেছেন। বলিউডের এই গায়ক-অভিনেতার সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
শুধু তা-ই নয়, পরিচালনায় হাতেখড়ির আগেই নিজের ছবি নিয়ে বড়সড়ো প্রত্যাশার কথাও জানিয়ে দিয়েছেন তিনি। হিমেশের দাবি, তার পরিচালিত ছবির গান মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালনায় আসার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন হিমেশ। তার কথায়, পরিচালনার জন্য তিনি ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। হাতে রয়েছে দু’-তিনটি গল্প। তৈরি হয়ে গিয়েছে ছবির চিত্রনাট্যও।
পরিচালক হওয়ার ইচ্ছা যে দীর্ঘদিনের, তাও স্পষ্ট করেছেন শিল্পী। তিনি জানান, একসময় যখন তিনি ধারাবাহিক প্রযোজনা করতেন, তখনও তাকে প্রশ্ন করা হত, কোনও দিন কি সঙ্গীত পরিচালক হবেন? পরবর্তী সময়ে সঙ্গীত এবং চলচ্চিত্রের জগতে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এ বার পরিচালনার ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করতে চান।
প্রথম ছবি নিয়ে হিমেশের পরিকল্পনা বেশ স্পষ্ট। ছবির গল্প, আবেগ ছাড়াও মন ছুঁয়ে যাওয়ার মতো গানের উপর বিশেষ গুরুত্ব দিতে চান তিনি।
শিল্পী আরও জানান, তার হাতে দু’-তিনটি চিত্রনাট্য রয়েছে। প্রতিটি ছবিই ব্লকবাস্টার হওয়ার মতো উপাদান নিয়ে তৈরি বলে তার বিশ্বাস। এমনকি ছবির গান মুক্তির দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করতে পারে বলেও আত্মবিশ্বাসী তিনি।
শুধু পরিচালক নয়, অভিনেতা হিসেবেও নিজেকে আরও বড় জায়গায় দেখতে চান হিমেশ। তার স্বপ্ন, একদিন তারকা হয়ে ওঠার।
এ প্রসঙ্গে অমিতাভ বচ্চনের উদাহরণ টেনে তিনি জানান, অমিতাভের ১৩তম ছবি থেকে সাফল্য পেয়েছিলেন। হিমেশের দাবি, তিনি ইতিমধ্যেই ১২টি ছবিতে অভিনয় করেছেন। তাই তার বিশ্বাস, ত্রয়োদশ ছবিটিই ব্লকবাস্টার হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









