দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪৮ জন।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির হিসাবে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৬২৫ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৫০ জন, সিলেটে ১৪৫ জন, খুলনায় ১২৫ জন, ময়মনসিংহে ১০২ জন, রাজশাহীতে ৪৬ জন এবং রংপুরে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।
এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। তাদের মধ্যে ২৩ হাজার ৯৯১ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









