পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্বের গল্প নিয়ে দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী রোমাইসা খান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ধারাবাহিকটির শেষের দিকের গল্প ফাঁসের ইঙ্গিত দেন তিনি। তার তথাকথিত স্পয়লারে উঠে আসে জারিয়াবের তুরস্কে যাত্রা, আবু বকরের মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠা এবং জামিলের সঙ্গে পারিবারিক সম্পর্কের অদ্ভুত মোড়। তবে পরে জানা যায়, পুরো বিষয়টিই ছিল অভিনেত্রীর রসিকতা।
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে ‘দার-ই-নিজাত’ ধারাবাহিকে হামনা চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান রোমাইসা। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে ধারাবাহিকের পরবর্তী ঘটনা জানিয়ে দেওয়ার কথা বলে মজা করেন তিনি।
রোমাইসার কথিত স্পয়লার অনুযায়ী, ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র জারিয়াব, যার ভূমিকায় অভিনয় করছেন দুরেফিশান সেলিম, শেষ দিকে তুরস্কে চলে যাবেন। সেখানে তার দেখা হবে ঐতিহাসিক তুর্কি নেতা এরতুগ্রুলের সঙ্গে। অভিনেত্রীর দাবি, এরতুগ্রুল জারিয়াবের সাবেক প্রেমিক জামিলের চাচাতো ভাই। অন্যদিকে হামনা শেষ পর্যন্ত জামিলকে বিয়ে করায় এরতুগ্রুলও তার আত্মীয় হয়ে উঠবেন।
এদিকে জারিয়াবকে হারিয়ে আবু বকর হতাশ হয়ে মোটিভেশনাল স্পিকার হয়ে উঠবেন। ‘লেটস মুভ অন’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করবেন তিনি। সেখানে সামনের সারিতে দেখা যাবে জামিলকে। এরপর জামিল জানাবেন, আবু বকরের মা খুশবখত তারও মা। অর্থাৎ তারা দুজন সৎভাই। এসব জটিলতায় বিরক্ত হয়ে হামনা শেষ পর্যন্ত দুবাইয়ে চলে যাবেন এবং আবাসন ব্যবসায় যুক্ত হবেন।
তবে রোমাইসা পরে স্পষ্ট করেন, এসব তথ্যের কোনোটিই সত্য নয়। দর্শকদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, নিজের চাকরি হারানোর ঝুঁকি নিয়ে সত্যিই কি ধারাবাহিকের গল্প ফাঁস করবেন? একই সঙ্গে প্রকৃত ঘটনা জানতে দর্শকদের ধারাবাহিকটি দেখার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









