টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন তিনি। তাতেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ডানহাতি ব্যাটার।
সোমবার (৯ নভেম্বর) সিলেট টেস্টের পঞ্চম দিনে এ কীর্তি গড়েন হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে ২ উইকেটে ১২৭ রান সংগ্রহ করেছে। হৃদয় ৯০ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে করা রানসহ দুই ইনিংস মিলিয়ে তার মোট সংগ্রহ দাঁড়ায় ৩০৪।
এর আগে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১৭৬ ও ১০৫ রান করে মোট ২৮১ রান করেছিলেন তিনি।
এই তালিকার পরের অবস্থানে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২৭৩ রান করেছিলেন তিনি। এ ছাড়া ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে তার সংগ্রহ ছিল ২৭০ রান।
এবার সবাইকে ছাড়িয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন তাওহিদ হৃদয়। এক ম্যাচে ৩০০ রানের বেশি করার অনন্য কীর্তিতে দেশের ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন এই ব্যাটার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









