ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের জন্য প্রণীত নীতিমালা সংশোধন করে শ্রমিকবান্ধব বিধিমালা প্রণয়নের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন চালক ও শ্রমিকেরা।
বুধবার (১১ নভেম্বর) সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রিকশা-ব্যাটারিচালিত, রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিটসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন তারা। এ সময়ে আন্দোলনকারীদের হামলা, মামলা ও নানা হয়রানির শিকার হতে হয়েছে। সম্প্রতি সরকার ই-রিকশার জন্য বিধিমালা প্রণয়ন করলেও এতে বিদ্যমান যানবাহন ও চালকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ তাদের।
বরিশাল রিকশাভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সংগ্রাম পরিষদের জেলা সংগঠক দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
তিনি বলেন, ‘‘নতুন বিধিমালায় বিদ্যমান ব্যাটারিচালিত যানবাহন নিবন্ধনের সুযোগ পাবে কি না, তা স্পষ্ট নয়। আদর্শ নকশার কথা বলা হলেও সেই নকশা প্রকাশ করা হয়নি। এমনকি বিদ্যমান যানবাহনকে নির্ধারিত নকশায় রূপান্তরের জন্য কোনো সময়সীমাও দেওয়া হয়নি। অথচ আদর্শ নকশা অনুসরণ না করলে যানবাহন উচ্ছেদের বিধান রাখা হয়েছে। এতে চালক ও মালিকেরা অনিশ্চয়তার মধ্যে পড়বেন।’’
বক্তারা আরও বলেন, ইতিমধ্যে বিভিন্ন কোম্পানি বুয়েট স্বীকৃত যানবাহন বিক্রির জন্য শোরুম খুলতে শুরু করেছে। বর্তমান যানবাহন বাতিল করে নতুন নকশার গাড়ি কেনার বাধ্যবাধকতা তৈরি হলে চালক ও মালিকেরা নির্দিষ্ট কিছু কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়তে পারেন। পাশাপাশি ১০ হাজার টাকা নিবন্ধন ফি নির্ধারণ করাও অযৌক্তিক।
তাদের দাবি, এই ফি কমিয়ে শ্রমিকদের সামর্থ্যের মধ্যে আনতে হবে।
সমাবেশে চালকদের লাইসেন্স প্রদানের বিষয়টি বিধিমালায় অন্তর্ভুক্ত না করার সমালোচনা করে বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের লাইসেন্স এবং যানবাহনের ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যুক্ত করতে হবে।
সমাবেশ থেকে বর্তমান যানবাহনগুলোকে আদর্শ নকশায় রূপান্তরের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া, নিবন্ধন ফি কমানো, চালকদের লাইসেন্স প্রদান, মহাসড়কের পাশে ব্যাটারিচালিত যানবাহনের জন্য পৃথক সাইডলেন চালু এবং নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতি-দলীয়করণমুক্ত করার দাবি জানানো হয়। এসব দাবিসহ সংগ্রাম পরিষদের ৯ দফা বাস্তবায়নে বিদ্যমান বিধিমালা সংশোধনের আহ্বান জানান নেতারা।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ক্রীড়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মহসিন মীর ও শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, দপ্তর সম্পাদক আবদুল রাজ্জাক, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, আইনজীবী অ্যাডভোকেট আবু আল রায়হান এবং পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম গাজীসহ অন্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









