তনুশ্রী দত্তের সঙ্গে বিতর্কে জড়িয়ে দীর্ঘদিন সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা নানা পাটেকর। এবার সেই পুরনো বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা ও পরিচালক মহেশ মাঞ্জরেকর।
তার দাবি, ঘটনাটির সময়ে সিনেমার সেটে যারা উপস্থিত ছিলেন, তাদের অনেকেই তাকে সবটা জানিয়েছিলেন। সেদিন নাকি আদৌ কিছু ঘটেনি। অকারণেই নানা পাটেকরকে এতটা ভুগতে হয়েছিল বলে মনে করেন মহেশ।
মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ নানা পাটেকরের সঙ্গে কাজ করেছিলেন মহেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতাকে নিয়ে কথা বলতে গিয়ে তনুশ্রীর অভিযোগ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।
সাক্ষাৎকারে মহেশ বলেন, “সেদিন কী হয়েছিল, তা আমি জানি। সিনেমার সেটে যারা ছিলেন, তাদের প্রায় প্রত্যেককে আমি চিনতাম। কারা উপস্থিত ছিলেন, সেটাও জানি। অকারণেই বিষয়টিকে বড় করে দেখানো হয়।”
মহেশের আরও দাবি করে বলেন, “সেটে উপস্থিত প্রায় সকলেই বলেছিলেন, সেদিন কিছুই ঘটেনি। একেবারেই কিছু হয়নি। নানা অকারণে অনেক কষ্ট পেয়েছিল। এ ধরনের বিষয় এড়িয়ে যাওয়াই ভালো। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে। এর কোনও প্রতিকার নেই।”
উল্লেখ্য, ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের সময়ে নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ আনেন তনুশ্রী।
‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার একটি গানের শুটিং চলাকালীন নানা তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন বলে দাবি করেন অভিনেত্রী। অভিযোগের পরে গানটির শুটিং ছেড়ে বেরিয়ে যান তনুশ্রী। যদিও তনুশ্রীর সমস্ত অভিযোগ অস্বীকার করেন নানা।
২০১৮ সালের অক্টোবর মাসে নানা পাটেকর এবং নৃত্য পরিচালক গণেশ আচার্যের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তনুশ্রী। তবে ২০১৯ সালে পর্যাপ্ত প্রমাণের অভাবে মামলাটি বন্ধ হয়ে যায়।
গত মাসে নানা পাটেকরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তনুশ্রী। সেখানে অভিনেত্রী জানান, খবরটি তিনি শুনেছেন। তবে সে দিন তার লখনউয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল।
তনুশ্রী বলেন, “আজ আমার কাজের দিন। লখনউয়ে একটি বড় অনুষ্ঠানে যাচ্ছি। গোটা দিনের পরিকল্পনা আগে থেকেই করা ছিল। এমন একটা দিনে এই ঘটনা ঘটল, ভাবতেই পারছি না।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








