বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া। এর মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। চণ্ডীপাঠে রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও প্রশস্তি।
শনিবার (১০ অক্টোবর) মহালয়া উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির ও স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে মহালয়া অনুষ্ঠানের পর সনাতন ধর্মাবলম্বীদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ করা হবে। এরপর মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।
মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ায় দেবী দুর্গার ঘট স্থাপন করা হয়। এর মধ্য দিয়ে কৈলাস থেকে মর্ত্যে দেবীর আগমনের প্রতীকী সূচনা ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









