প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব নগর দিবস। নগরায়ণের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা তৈরি, টেকসই নগর উন্নয়ন এবং সবার জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্য নিয়ে দিবসটি পালন করা হয়।
দ্রুত নগরায়ণের ফলে আবাসন সংকট, যানজট, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং নাগরিক সেবার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব অবকাঠামো এবং নাগরিকদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে দিবসটি।
এবারের বিশ্ব নগর দিবসের প্রতিপাদ্য ‘নগর পুনরুজ্জীবন: সবার জন্য পর্যাপ্ত আবাসন’। জাতিসংঘের মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) জানিয়েছে, এ বছরের মূল আয়োজন চীনের ফুঝৌ শহরে অনুষ্ঠিত হচ্ছে। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন আলোচনা, প্রদর্শনী ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন রয়েছে। 
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ৩৪০ কোটি মানুষ পর্যাপ্ত আবাসন, নিরাপদ বসবাস, ভূমির নিশ্চয়তা, মৌলিক সেবা কিংবা সাশ্রয়ী জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত। এ পরিস্থিতিতে বিদ্যমান নগর এলাকাগুলোর উন্নয়ন, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল পাড়া-মহল্লা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 
জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৩ সালে ৩১ অক্টোবরকে বিশ্ব নগর দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। নগরায়ণের সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং টেকসই নগর উন্নয়ন ত্বরান্বিত করাই দিবসটির অন্যতম লক্ষ্য। 


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









