রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর কারণ জানতে ঘটনাস্থলে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। তারা এখানে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না পরীক্ষা করবেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার (২৭ মে) দুপুর ২টার দিকে হাসপাতালে প্রবেশ করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের একটি দল।
নাম প্রকাশ না করার শর্তে টিমের এক সদস্য বলেন, “আমরা উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস নিয়ে এসেছি। যে কক্ষে নবজাতকরা মারা গেছে সেই কক্ষে আমরা এসব ডিভাইস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করব, এখানে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না। আর ছড়িয়ে থাকলে কোন গ্যাস এবং কী পরিমাণে ছড়িয়েছে সেটাও তদন্ত করে দেখা হবে।” সকল বিষয় মাথায় রেখেই এখানে নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, “আমরা জানতে পেরেছি ৬ জন শিশু মারা গেছে। তবে শিশুদের মৃত্যুর কারণ জানতে পারিনি। সিআইডির এক্সপার্ট টিম ঘটনাস্থলে এসেছে। তারা নমুনা সংগ্রহ করছে।”
এরআগে বুধবার সকালে ওই হাসপাতালে ৬ শিশুর মৃত্যু ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









