রাজধানীর মহাখালীতে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে মব সৃষ্টি করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। চ্যানেলটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ‘বৈশাখী টিভি নিউজ’ ফেসবুক পেজে ভবনের ছাদ ও বারান্দা থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) করে প্রতিষ্ঠানটির কর্মীরা হামলার অভিযোগ করেন। নিরাপত্তার স্বার্থে লাইভে কথা বলা সাংবাদিক নিজের নাম ও পদবী প্রকাশ করেননি।
লাইভে দাবি করা হয়, একদল লোক কার্যালয়ের ভেতরে ও নিউজরুমে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়েছে। হামলাকারীরা ভবনের প্রধান ফটক তালাবদ্ধ এবং লিফট বন্ধ করে দেওয়ায় ভেতরে থাকা কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। হামলায় টেলিভিশনের এক কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়। হামলাকারীরা চ্যানেলের দুটি মোবাইল ফোন ও একটি ক্যামেরা নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে আতঙ্কিত কর্মীরা জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন করলে বনানী থানা পুলিশ সেখানে যায়। বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে।
পুলিশ জানিয়েছে, টিপু আলম মিলন বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলার আসামি। পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








