হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের দুটি চালকবিহীন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
শনিবার (২১ নভেম্বর) এ দাবি করে বাআইআরজিসি। অন্যদিকে, দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা এখনো অচলাবস্থায় রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আইআরজিসি জানায়, নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। ইরানের দাবি, যুদ্ধ শুরুর পর এটি দেশটির বাহিনীর ভূপাতিত করা ৫৮তম এমকিউ-৯ ড্রোন।
শনিবার হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে আরেকটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবিও করে আইআরজিসি। তাদের দাবি, এটি ছিল এ ধরনের ১৯তম ড্রোন।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দিন আগে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এর পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলার ঘটনাও বেড়েছে। বিশ্বে শান্তিকালীন সময়ে ব্যবহৃত মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে অঞ্চলটিতে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব ফেলছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এতে হাজারো মানুষ নিহত হয়েছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত ছড়িয়ে পড়েছে এবং জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে তা পুরোপুরি কার্যকর হয়নি। জুলাই থেকে বিভিন্ন সময়ে আবারও হামলার ঘটনা ঘটছে।
যুদ্ধ বন্ধের আলোচনা থমকে
এদিকে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানো সম্ভব না হওয়ায় শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের সাতটি শর্ত বাস্তবায়ন করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে যুদ্ধের অবসান এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা ও দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে নৌ অবরোধ প্রত্যাহার।
আরাগচি জানান, শর্তগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে আলোচনা করতে ইরান প্রস্তুত। তবে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশে স্থানান্তরের প্রস্তাবও নাকচ করেছেন তিনি। তবে এ বিষয়ে ন্যায্য সমাধানে পৌঁছানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন।
আরাগচি বলেন, যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতি কাম্য নয়। তবে অন্য পক্ষকে বিজয়ী করে এমন কোনো চুক্তি মেনে নেবে না তেহরান।
অন্যদিকে, শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে চাইলেও তাদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি ইরানের সঙ্গে একটি কার্যকর চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন।
চার ইরানির ওপর নতুন নিষেধাজ্ঞা
এদিকে ইরানের তেল বিক্রির অর্থ সংগ্রহ ও নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে শুক্রবার চার ইরানি নাগরিকের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দাবি, ওই ব্যক্তিরা অবৈধ আন্তর্জাতিক তেল বাণিজ্য থেকে অর্থ সংগ্রহ করে ইরানকে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ এড়াতে সহায়তা করেছেন। তাদের কয়েকজনের বিরুদ্ধে তেল বিক্রির অর্থ ব্যক্তিগতভাবে আত্মসাতের অভিযোগও রয়েছে।
নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের আওতাধীন এলাকায় তাদের সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি তাদের সঙ্গে ডলারে লেনদেনও নিষিদ্ধ থাকবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির দুই প্রতিনিধি ইয়াসামিন আনসারি ও রো খান্না। তারা বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যয় বাড়তে থাকায় এ ধরনের কার্যক্রমে অর্থ বরাদ্দ বন্ধ করা প্রয়োজন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








