ঢাকার ধামরাইয়ে ধর্মীয় অনুষ্ঠান কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আনন্দ সূত্রধর (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার থুতনি ও গলায় দুটি গুলি লেগেছে বলে জানা গেছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরের পর উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। শনিবার উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে বৈঠকের কথা ছিল।
তবে বৈঠক শুরুর আগেই শ্রীদাম সূত্রধর ও তার কয়েকজন সহযোগী মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন। এ সময় অপর পক্ষের লোকজনের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পরপর তিন রাউন্ড গুলি ছোড়া হলে আনন্দ সূত্রধর গুলিবিদ্ধ হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের সৃষ্টি হয়েছিল। শনিবার বিষয়টি মীমাংসার কথা থাকলেও তার আগেই শ্রীদাম সূত্রধর ও তার সহযোগীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিন রাউন্ড গুলি ছোড়া হলে আনন্দ সূত্রধর আহত হন।
ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








