রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করার সঙ্গে ওই রাতে কী ঘটেছিল, সে বিষয়ে নিজেদের প্রাথমিক পর্যায়ের ব্যাখ্যাও তুলে ধরেছে কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মে) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ড-২-এ শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা চালু ছিল। তবে ওই ওয়ার্ডে থাকা একাধিক নবজাতকের মায়েরা এসি বন্ধ করার অনুরোধ জানান। পরে দায়িত্বরত নার্সরা এসিগুলো বন্ধ করে দেন।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রাত ৩টার দিকে পুনরায় এসি চালু করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর, রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে দ্রুত তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হয়। পরে একই ধরনের পরিস্থিতি দেখা দিলে আরও পাঁচ নবজাতককে দ্রুত এনআইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, সকাল ৬টার দিকে প্রথম শিশুটির মৃত্যু হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে আরও পাঁচ নবজাতকের মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ওয়ার্ডে সদ্য সন্তান প্রসব করা মায়েরা শিশুদের সঙ্গে অবস্থান করছিলেন এবং রাতের শিফটে তিনজন নার্স দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাটি খতিয়ে দেখতে হাসপাতালে অবস্থান করছেন বলেও জানানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, এমন মর্মান্তিক ঘটনা কী কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। কোনো ধরনের গাফিলতি বা ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









