দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন।
শনিবার (১০ অক্টোবর) হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১৩১ জন। ফলে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৩২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং নতুন সংক্রমণের তথ্য দেশের চলমান হাম পরিস্থিতির ব্যাপকতা তুলে ধরছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









