দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান।
শনিবার (২০ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে জানানো হয়, ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম-আল আম্বিয়া হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়—সব ধরনের নৌযান চলাচলের জন্য প্রণালিটি বন্ধ থাকবে। তারা এই পদক্ষেপকে ‘শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, ‘‘সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’’
‘‘যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।’’
ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও লেবাননের কোনও ভূখণ্ড দখল করার যেকোনও ইসরাইলি প্রচেষ্টাকে প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।
এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, গত রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়াহর কাছাকাছি এক এলাকার দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা।
শুক্রবার রাত থেকে শুরু এবং আজ পর্যন্ত চলমান ইসরাইলি যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, শুক্রবার সন্ধ্যা থেকে তারা যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে আসছিল, এমনকি ইসরায়েল একেবারে প্রথম মুহূর্ত থেকে এটি লঙ্ঘন করার পরও।
হিজবুল্লাহ বলেছে, তবে শত্রুর প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার ইতিহাসের কথা মাথায় রেখে তারা সম্পূর্ণ সতর্ক এবং যেকোনও জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।
‘‘ইসলামী প্রতিরোধ আন্দোলন ঘোষণা করছে, যুদ্ধবিরতি মেনে চলার পাশাপাশি শত্রুর যেকোনও ভূখণ্ড দখল এবং দখলদারিত্ব সম্প্রসারণের প্রচেষ্টাকে রুখে দিতে দ্বিধা করবে না।’’
সূত্র: এএফপি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









