দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও জরুরি সেবাকর্মীরা।
শনিবার (২০ জুন) বিকাল পর্যন্ত চালানো এসব হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, ইরান-সমর্থিত এই গোষ্ঠী যুদ্ধবিরতির একদিন পরই ইসরাইলি সেনাদের ওপর হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে।
আইডিএফ আরও জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী তারা যুদ্ধবিরতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এক সামরিক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইলি কাটজ বাহিনীকে ‘গুলি বন্ধ রাখার’ নির্দেশ দিয়েছেন।
ইসরাইলের চ্যানেল ১২ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের পর এই নির্দেশনা দেওয়া হয়।
এ দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দেশের উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে যতদিন প্রয়োজন, ততদিন দক্ষিণ লেবাননে ইসরাইলের অবস্থান অব্যাহত থাকবে।
ওই কর্মকর্তা আরও জানান, হিজবুল্লাহর যেকোনো হামলার জোরালো জবাব দিতে এবং বাহিনীর বিরুদ্ধে থাকা হুমকি মোকাবিলায় আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, গত দুই দিনে হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে আইডিএফ, যাতে প্রায় ১০০ জন নিহত হয়েছে।
আইডিএফ তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর হামলায় নিজেদের কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি। তবে তারা দাবি করেছে যে এসব হামলা ‘যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









