বিশ্বজুড়ে একের পর এক শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক যেন কাটছেই না। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার কেঁপে উঠেছে সূর্যোদয়ের দেশ জাপান।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জাপানের উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এমনকি দেশটির রাজধানী টোকিওতেও এই ভূকম্পন হালকাভাবে অনুভূত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূলের বাইরে। এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার। আওমোরি প্রিফেকচারের হাচিনোহে শহরে ‘লোয়ার ৬’ এবং ইওয়াতে প্রিফেকচারের কয়েকটি শহরে ‘আপার ৫’ মাত্রা রেকর্ড করা হয়েছে।
জেএমএ’র মতে, ‘আপার ৬’ মাত্রার ভূমিকম্পে মানুষ কেবল হামাগুড়ি দিতে পারে এবং হাঁটতে অক্ষম হয়। সুরক্ষিত না থাকা আসবাবপত্র উল্টে পড়ে যায়।
তোহোকু শিনকানসেন লাইনে সেনদাই ও আওমোরির মধ্যে চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়া ইওয়াতে ও আওমোরি প্রিফেকচারের বহু রেললাইন ভূমিকম্পের কারণে স্থগিত করা হয়েছে, এবং কখন সেগুলো পুনরায় চালু হবে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয় ভূমিকম্প মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠন করেছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, সুনামির কোনো আশঙ্কা নেই এবং তিনি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের একই মাত্রার আরেকটি ভূমিকম্পের সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









