মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত চাচাতো ভাই বারেক মাদবর পলাতক রয়েছেন। নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে এবং অভিযুক্ত বারেক একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবরের সঙ্গে তার চাচাতো ভাই বারেক মাদবরের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় তাদের দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও তর্কাতর্কি হয়। তর্কের একপর্যায়ে বারেক মাদবর উত্তেজিত হয়ে আলতাফের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আলতাফ মাদবর তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এই বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









