আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে আফগানিস্তান কিংবা ভারতের কোনো এলাকা থেকে প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক রেড ক্রসের তথ্য অনুযায়ী, আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিশেষ করে হিন্দুকুশ অঞ্চলটি বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকার একটি।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে আফগানিস্তান নিয়মিত ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। এছাড়া হেরাতসহ দেশের কয়েকটি অঞ্চল প্রধান চ্যুতি রেখার ওপর অবস্থিত হওয়ায় সেখানে ভূমিকম্পের আশঙ্কা তুলনামূলক বেশি।
এর আগে, গত শুক্রবার থেকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে ৪ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৩ মাত্রার অন্তত পাঁচটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হানে। এতে বারখান, মুসাখেল, কোহলু, কিংরি ও রাখনি এলাকার কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত পাঁচজন আহত হন।
সূত্র: এনডিটিভি, ফার্স্ট পোস্ট


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









