আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
বুধবার (১ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা।
এই কম্পনের প্রভাব প্রতিবেশী পাকিস্তানেও অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের (এনএসএমসি) তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের, লোয়ার দিরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়।
এখন পর্যন্ত আফগানিস্তান বা পাকিস্তানে ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান উচ্চমাত্রার ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। ফলে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এর আগে গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেবারও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্পটি হয় ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে ঘরবাড়ি ধসে ৭ জন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হন।
সূত্র: এনডিটিভি, আনাদোলু এজেন্সি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









