ইরানে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের সাত সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া সর্বশেষ হামলায় আড়াই শতাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (১৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইরানশাহরের বাম্বুর গ্যারিসনে হামলার কঠোর জবাব দেওয়া হবে। বাহিনীটি এ হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে। আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, উপযুক্ত সময়ে এ হামলার জবাব দেওয়া হবে।
বিবৃতিতে জানানো হয়, বাম্বুরের একটি ব্যারাকে ১৩টি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ৩৮৮তম ব্রিগেডের সাত সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর জানিয়েছেন, সর্বশেষ মার্কিন হামলায় ২৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ২২২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আহতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম। এছাড়া হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এর আগে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে মার্কিন বাহিনী ইরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পাশাপাশি দেশটির বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করা হয়।
এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে এফ-১৮ যুদ্ধবিমান রাখার এলাকা ও বড় সরঞ্জামের হ্যাঙ্গার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ-সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম ও জ্বালানি ট্যাঙ্কে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলার জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশজুড়ে ড্রোন প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আইআরজিসি আরও দাবি করেছে, কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ রসদ ও সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে এ হামলা চালানো হয়।
সূত্র : আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









