গাজীপুর মহানগরের সদর থানা-পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং নম্বর প্লেটবিহীন একটি টিভিএস অ্যাপাচি ফোরভি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তানজিম আহমেদ সোহেল ও মো. বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









