নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গ–এর কাছে কংগ্রেসের অবস্থান কর্মসূচি থেকে বিরোধী দলীয় নেতা রাহুল- প্রিয়াঙ্কা গান্ধীসহ আরো কয়েকজন সাংসদকে জোরপূর্বক সরিয়ে দেয় পুলিশ। পরে তাদের আটকও করা হয়। এ সময় রাহুল গান্ধী চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষার্থী সংগঠন সিজেপি (সিজেপি)–এর মিছিলে পুলিশের কঠোর অভিযানের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচিতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় অনেক সংসদ সদস্যও উপস্থিত ছিলেন।
রাহুল গান্ধীর অভিযোগ, “সরকার ইচ্ছাকৃতভাবে সংসদে এ বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। তিনি আরো জানান, পুলিশি অভিযানে আহতদের দেখতে তিনি রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়েছিলেন।”
আটক হওয়ার সময় ক্ষোভ প্রকাশ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তারা কাপুরুষ ও ভীতু। আমরা তাদের ভয় পাই না, তারাই আমাদের ভয় পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাজী মার্গ থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়া মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কঠোর অবস্থান নেয়। এ সময় রাহুল গান্ধীকে বল প্রয়োগ করে তুলে নিয়ে পুলিশের একটি বাসে তোলা হয়। মিছিলে অংশ নেওয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ও কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারসহ বেশ কয়েকজন শীর্ষনেতা ও বহু কর্মীকে আটক করে পুলিশ।
আটক থাকা অবস্থায় কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, এটি কোনো সমাপ্তি নয়; বরং রাহুল গান্ধীর নেতৃত্বে এক নতুন বিপ্লবের সূচনা। তারা আমাদের লাঠিচার্জ করতে পারে, জেলে পাঠাতে পারে, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কারণে যেসব লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস হয়েছে, মোদিজিকে তাদের প্রশ্নের জবাব দিতেই হবে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, বিক্ষোভস্থল পরিদর্শনের সময় রাহুল গান্ধী প্রথমে কথা দিয়েছিলেন পার্লামেন্টে আলোচনার সুযোগ দিলে অবস্থান ধর্মঘট তুলে নেবেন। কিন্তু সরকার সেই দাবি মেনে নেওয়ার পর তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের নতুন শর্ত জুড়ে দেন এবং আইন অমান্য করে অনশনস্থলেই অবস্থান করেন।
রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সরকার ও বিরোধী শিবিরের মধ্যে শিক্ষা ইস্যু এবং শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে তুমুল হট্টগোল সৃষ্টি হয়, যার ফলে সংসদীয় অধিবেশন বারবার মুলতবি ঘোষণা করতে বাধ্য হন স্পিকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









