ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। সংগঠনটির দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে উল্টো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির পরিবর্তন না হলে মঙ্গলবার (২৮ জুলাই) থেকে নতুন করে বিক্ষোভ কর্মসূচি শুরু করতে পারে সিজিপি।
অভিজিৎ দীপকের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনটি শুরু হয়েছিল ব্যঙ্গাত্মকভাবে। ‘ককরোচ’ নামটিও একটি কটূক্তি থেকে নেওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের আন্দোলন প্রত্যাহার করেছিল সংগঠনটি।
তবে সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা না নেওয়ার যে সমঝোতা হয়েছিল, তা মানা হচ্ছে না। তার দাবি, বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দিল্লিসহ বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নজরদারি ও হয়রানি করা হচ্ছে। এমনকি আন্দোলনকারীদের লজিস্টিক সহায়তা দেওয়া স্বেচ্ছাসেবকদেরও আটকের খবর পাওয়া যাচ্ছে।
সরকারের মধ্যস্থতাকারী মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংকে ট্যাগ করে আশুতোষ রাঙ্কা দাবি জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা বিজেপি-শাসিত রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো মামলা না করে, সেই নিশ্চয়তাও চান তিনি। অন্যথায় সংগঠনটি পুনরায় আন্দোলনে নামবে বলে সতর্ক করেন।
এ ছাড়া বৈঠকে মামলা প্রত্যাহারসংক্রান্ত লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল উল্লেখ করে সিজিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেই নথি মঙ্গলবারের মধ্যেই তাদের হাতে তুলে দিতে হবে।
উল্লেখ্য, গত শনিবার (২৫ জুলাই) কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর সিজিপি জানায়, নিট পরীক্ষাকে ঘিরে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকার সম্মত হয়েছে। পাশাপাশি দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের আশ্বাসও দেওয়া হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









