ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ৪১ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা ও আশপাশে থাকা জাহাজের সহায়তায় শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকালে মুতিয়ারা সেন্টোসা–২ নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে যাত্রা করেছিল। ফেরিটিতে মোট ২৭১ জন ছিলেন, যার মধ্যে ২৩২ জন যাত্রী এবং ৩৯ জন নাবিক ও ক্রু সদস্য।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানায়, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে সুমেনেপ অঞ্চলের জলসীমায় ফেরিটিতে আগুন লাগে। পরে ফেরির পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি অ্যাটোসিম লামপুং পেলায়ারান উদ্ধার কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
ফেরির ক্যাপ্টেন আগুন লাগার খবর দিলেও কিছুক্ষণ পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উদ্ধারকারী দল জানতে পারে, ফেরিটি মাদুরা দ্বীপের উত্তরাঞ্চলের কাছে অবস্থান করছিল। কাছাকাছি থাকা একটি মালবাহী জাহাজ আগুনে জ্বলতে থাকা ফেরির কাছে যেতে পারেনি, কারণ সেটিতে দাহ্য পণ্য ছিল।
উদ্ধার সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফেরির এক পাশ থেকে ঘন কালো ধোঁয়া বের হয়ে পুরো জাহাজে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আতঙ্কিত যাত্রীদের লাইফ জ্যাকেট পরে ডেকে আশ্রয় নিতে এবং অনেকে প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দিতে দেখা যায়।
সকাল ১০টার কিছু আগে একটি টাগবোট ও অন্য একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
রবিবার বিকেল পর্যন্ত ২২৫ জন যাত্রী ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









