দীর্ঘপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার দুটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বুধবার (৫ আগস্ট) রাতে পরিচালিত অভিযানে ইয়ারোস্লাভল অঞ্চলের একটি বড় তেল শোধনাগারে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালানো হয়েছে।
দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইয়ারোস্লাভলের স্লাভনেফট-ইয়ানোস তেল শোধনাগারে বড় ধরনের আগুন দেখা যায়। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থাপনাটির অবস্থান স্বাধীন রুশ টেলিগ্রাম চ্যানেল ‘আস্ত্রা’ যাচাই করেছে।
জেলেনস্কি আরও জানান, যুদ্ধফ্রন্ট থেকে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে রাশিয়ার বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের একটি ছোট তেল শোধনাগারেও ড্রোন হামলা চালানো হয়েছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার তেল থেকে অর্জিত আয় কমিয়ে আনার লক্ষ্যেই এসব হামলা চালানো হচ্ছে। তার দাবি, এই অর্থই রাশিয়া যুদ্ধ পরিচালনা ও ইউক্রেনের বিরুদ্ধে হামলায় ব্যবহার করছে।
হামলার আগে ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল ইয়েভরায়েভ ইউক্রেনীয় ড্রোন হামলার বিষয়ে সতর্ক করেন। নিরাপত্তার কারণে মস্কোগামী কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচলও সীমিত করা হয়। তবে শোধনাগারের ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলার পর শহরের কয়েকটি আবাসিক ভবনেও আগুন লাগে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইয়ারোস্লাভলের স্লাভনেফট-ইয়ানোস তেল শোধনাগারটি মধ্য রাশিয়ার অন্যতম বৃহৎ এবং দেশটির পাঁচটি বড় তেল শোধনাগারের একটি। বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হয় এখানে। শোধনাগারটিতে পেট্রোল, ডিজেল, জেট জ্বালানি, তরলীকৃত গ্যাস ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করা হয়।
এর আগের রাতেও একই স্থাপনায় সফল হামলার দাবি করেছিল ইউক্রেন। এছাড়া ২০২৬ সালের মে মাসেও এই শোধনাগারটি অন্তত চারবার ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
ইউক্রেন জানিয়েছে, তাদের তথাকথিত ‘দীর্ঘপাল্লার নিষেধাজ্ঞা’ অভিযানের অংশ হিসেবে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। কিয়েভের দাবি, এসব হামলার ফলে রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার উৎপাদন কমাতে বা সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









