হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে কোনো দেশ সামরিকভাবে এগিয়ে এলে তাদের পরাজয় নিশ্চিত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেই। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার হুমকিও প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি-এজেই হরমুজ প্রণালিকে ইরানের মালিকানাধীন ও নিয়ন্ত্রিত জলপথ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও ইরানের জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতেই হরমুজ প্রণালির ওপর তেহরানের অধিকার রয়েছে। ইরানের এই অবস্থানকে চ্যালেঞ্জ করে কোনো ‘আগ্রাসী’ দেশ বা সামরিক বাহিনী এগিয়ে এলে তাদের পরাজয় অনিবার্য বলেও সতর্ক করেন তিনি।
মোহসেনি-এজেই আরও বলেন, সামরিক শক্তি প্রয়োগ করেও যুক্তরাষ্ট্র যে লক্ষ্য অর্জন করতে পারেনি, শুধু বক্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তা অর্জন করা সম্ভব নয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছিলেন। তাঁর এই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হলো।
তথ্যসূত্র: জিও নিউজ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









