রাজধানীর ভাটারা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। মামলার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ জানায়, শনিবার ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিধিকার মা বাদী হয়ে শনিবার আত্মহত্যার প্ররোচনার মামলাটি করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে রিধির প্রেমিক হাসিবুর রহমানকে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত্যুর আগে হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন রিধিকা। ওই সময় তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, রিধিকা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









