প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ ঘিরে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সফরের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা চললেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সূচি চূড়ান্ত হয়নি।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আগস্টের তৃতীয় সপ্তাহে দুই দিনের সফরের জন্য বাংলাদেশকে ২০ ও ২১ আগস্টের সম্ভাব্য তারিখ প্রস্তাব করেছে ভারত। তবে ওই সময়ের পরিবর্তে কাছাকাছি সময়ে সফর আয়োজনের বিষয়টি বিবেচনা করছে ঢাকা।
সূত্রগুলো বলছে, আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে সফরের সময় নির্ধারণে দুই দেশ নিজেদের মতো করে বিভিন্ন তারিখ বিবেচনা করছে। তবে শনিবার পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে সফরের তারিখ ঘোষণা করেনি।
ভারতের প্রস্তাবিত ২০ ও ২১ আগস্টের তারিখকে সামনে রেখে গত সপ্তাহের মাঝামাঝি থেকেই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চপর্যায়ের নির্দেশে সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। তবে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন এবং পরবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠান থাকায় ওই সময় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
এ কারণে ২২ ও ২৩ আগস্ট সফর আয়োজন করা যায় কি না, সেটিও বিবেচনা করছে বাংলাদেশ।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত শুক্রবার দুপুরে ঢাকায় ফিরেছেন। দুই দেশের মধ্যে সফরের তারিখ নিয়ে আলোচনা চললেও প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরের সূচি চূড়ান্ত হওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি ‘সহায়ক পরিবেশ’ তৈরির ওপর গুরুত্ব দিতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা সংবেদনশীল বিষয়গুলোর সমাধানেও জোর দেওয়া হবে। ভারতও বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা ও সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়গুলোর একটি শেখ হাসিনার প্রত্যর্পণ। কূটনৈতিক সূত্রগুলোর ইঙ্গিত, প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে এ বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









